ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় মাদক কারবারি উচ্ছেদে মানববন্ধন

মাদক কারবারি গ্রেফতার ও মাদক বিক্রির আস্তানা উচ্ছেদের দাবিতে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) গাইবান্ধা শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টার দিকে শহরের ২নং রেলগেট, কলেজ রোড ও সার্কুলার রোড এলাকায় ব্যবসায়ী, সাংবাদিক, জেলা কার ও মাইক্রো মালিক সমিতি, এবং শ্রমিক সংগঠনগুলোর ব্যানারে মানববন্ধনটি সংগঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কার ও মাইক্রো মালিক সমিতির সাধারণ সম্পাদক জাভেদ হোসেন। এতে বক্তব্য রাখেন মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া, জেলা কার ও মাইক্রো মালিক সমিতির সভাপতি রবিন সেন, এবং বিভিন্ন ব্যবসায়ী নেতা আব্দুর রউফ মিয়া, মারুফ হোসেন, আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধা শহরের সার্কুলার রোড ও ২নং রেলগেট এলাকায় মাদক ব্যবসার মূলকেন্দ্র গড়ে উঠেছে, যার ফলে প্রতিদিনই ঘটে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে এই মাদক আস্তানাগুলো উচ্ছেদ এবং জড়িতদের গ্রেফতারের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করা হয়।