আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, দেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ‘গায়েবি’ মামলার সংখ্যা ১৬,৪২৯টি। এর মধ্যে এক হাজার ২১৪টি মামলার ওপর সিদ্ধান্ত নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মামলাগুলির মধ্যে ৫৩টির গেজেট প্রকাশ হতে যাচ্ছে দু-এক দিনের মধ্যে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টের আওতায় ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল, যার মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং ৬১টি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর গত জুলাইয়ে গণহত্যার অভিযোগে ৩০০টি মামলা দায়ের করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং পুলিশ কর্মকর্তা রয়েছেন।