কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় অস্ত্রধারী কিছু ব্যক্তি চার বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’ জড়িত।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় এই ঘটনা ঘটে। কোস্টগার্ডের শাহপরীরদ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব এ তথ্য জানিয়েছেন।
অপহৃত চার জেলে হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের কাছ থেকে এ ব্যাপারে তথ্য পাওয়া গেছে। বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহৃতদের উদ্ধারে তৎপর রয়েছে।
ইউএনও আরো বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের কারণে ওই অঞ্চলের বেশিরভাগ জায়গা ‘আরাকান আর্মি’র নিয়ন্ত্রণে। তাই ধারণা করা হচ্ছে, এই অপহরণের সাথে তারা জড়িত।
বিজিবি এবং কোস্টগার্ড সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।