ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টায় চকরিয়া উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কের দরবেশকাটায় ও সাড়ে ১০টায় এবিসি সড়কের বটতলী এলাকায় পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের জাকির আহমদ (৬০) ও বিএমচর ইউনিয়নের ফকির আহমদ (৭৫)

স্থানীয়রা জানান, চকরিয়ার দরবেশকাটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাইকের ধাক্কায় জাকির আহমদ গুরুতর আহত হন। পরে তাকে চকরিয়া পৌর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক বলেন, বিএমচর এলাকায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে আহত হন ফকির আহমদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি কেউ থানায় জানায়নি। এ বিষয়ে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী জানান, শুক্রবার সকাল ৭টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদ নগরের হামির পাড়ার সামনে ফজর নামাজ পড়ে হাঁটার সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় ফরিদ আহমদ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

একইদিন জুমার নামাজের পূর্বে মরিচ্যা-রামু সড়কে কার-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আয়ুব আলী নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।