বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে সেলফি তোলার সময় এক যুবক ডুবে মারা গেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ডুবুরি দলের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম জুনায়েদ রহমান (১৮), তিনি শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকার বাসিন্দা এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে জুনায়েদ এবং তার তিন বন্ধু ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ী বন্যা নিয়ন্ত্রণ স্পার এলাকায় ঘুরতে যান। সেলফি তোলার সময় জুনায়েদ অসাবধানতাবশত যমুনা নদীতে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে তার তিন বন্ধু পানিতে পড়ে ডুবে যান। তবে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও জুনায়েদ নিখোঁজ হয়ে যান। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা রাতভর উদ্ধার তৎপরতা চালালেও রাত হয়ে যাওয়ায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ধুনট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হামিদুল ইসলাম বলেন, “নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে রাজশাহী থেকে ডুবুরি দলকে ডাকা হয়। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।”
এদিকে, স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর যমুনা নদীতে অনেকেই ডুবে মারা যান বা নিখোঁজ হন। বগুড়ায় ডুবুরি না থাকায় প্রায় ১২ ঘণ্টা সময় লাগে উদ্ধারকাজে, ফলে অনেক সময় লাশও পাওয়া যায় না। এলাকাবাসীর দাবি, ধুনট ও সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর পাশেই ফায়ার সার্ভিসের ক্যাম্প এবং ডুবুরি দলের ব্যবস্থা করা উচিত।