হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, যদিও আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নবীগঞ্জের জনতার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা সড়কে দাউদাউ করে জ্বলতে থাকা গাড়িটি দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।
নবীগঞ্জ ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আব্দুল মুমিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং জানতে পারে ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।