ময়মনসিংহের ভালুকায় জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত তোফাজ্জল হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সংগঠক শেখ মুশফিক আহমেদ অপূর্ব। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার সদস্য মো. দেলোয়ার হোসেন সরকার, শেখ সোহান (যিনি হামলায় গুলিবিদ্ধ হয়েছিলেন), জুনায়েদ হোসেন জিহাদ, শিহাব উদ্দিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট ময়মনসিংহের ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় হামলার শিকার হন তোফাজ্জল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে শেখ মুশফিক আহমেদ অপূর্ব অভিযোগ করেন, হবিরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি দ্রুত সময়ের মধ্যে তোফাজ্জল হত্যার বিচার নিশ্চিতের দাবি জানান এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্পষ্ট করার আহ্বান জানান।