ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 সিলেটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সিলেটের জৈন্তাপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও একজন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় গ্রামের মৃত আলি আহমেদের ছেলে দেলোয়ার হোসেন (২৪) এবং আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলির ছেলে মো. তোফায়েল (২৬)। আহত সাব্বির আহমেদ (৩২) বিরাখাই এলাকার জালাল আহমেদের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, দুপুর ২টার দিকে তিনজন একটি মোটরসাইকেলে করে জৈন্তাপুর সদরের দিকে যাচ্ছিলেন। পথে কাটাগাঙ এলাকায় পৌঁছলে একটি মালবাহী ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দেলোয়ার ও তোফায়েল মারা যান। সাব্বির গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ হওয়া ট্রাকটির সন্ধান চলছে বলেও তিনি জানান।