ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ দশক পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য শুরু

পাঁচ দশকেরও বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তান সরকারি পর্যায়ে (জিটুজি) সরাসরি দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রবেশ করেছে। ১৯৭১ সালের পর এই প্রথম পাকিস্তান থেকে বাংলাদেশে সরাসরি পণ্য আমদানি শুরু হয়েছে। এর অংশ হিসেবে পাকিস্তানের পোর্ট কাসিম থেকে প্রথম পণ্যবাহী জাহাজ বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে, যা মার্চের প্রথম সপ্তাহে দেশে পৌঁছাবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, শনিবার (২২ ফেব্রুয়ারি) এমভি সিবি নামে একটি জাহাজ ২৬ হাজার টন চাল নিয়ে পোর্ট কাসিম থেকে যাত্রা শুরু করেছে। জাহাজটি ৪ মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছবে, যা দুই দেশের মধ্যে পাঁচ দশক পর সরাসরি বাণিজ্যের পুনরারম্ভের সূচনা করছে।

চলতি ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এর আওতায় বাংলাদেশ পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি) থেকে ৫০ হাজার টন চাল কিনছে। এই চাল দুই ধাপে দেশে আসবে—প্রথম চালান ইতোমধ্যে পথে, দ্বিতীয়টি আগামী মাসের শুরুতে পাঠানো হবে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে উষ্ণতা ফিরেছে। গত আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। শেখ হাসিনার পদত্যাগের পর তথ্য আদান-প্রদান, কূটনৈতিক সফর ও উচ্চপর্যায়ের বৈঠক বেড়েছে। পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায় আশাবাদী, আগামী এক বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য তিন বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা বর্তমানের চেয়ে চার গুণ বেশি।

সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গত এক বছরে দুইবার বৈঠক করেছেন। এসব আলোচনায় বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই নতুন বাণিজ্যিক সূচনা দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে এবং ভবিষ্যতে বৃহত্তর বাণিজ্যের সম্ভাবনা উন্মোচন করবে।