কক্সবাজারের চকরিয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আইরিন নিগার (৩৫) ও তার কোলে থাকা শিশুপুত্র আরহান। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইরিন নিগার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা নোমান রশিদের স্ত্রী।
চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আমিন জানান, কক্সবাজারগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আইরিন নিগার ও তার শিশু সন্তান আরহান মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।