ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বিমান বাহিনী-স্থানীয়দের সংঘর্ষে নিহত ১

কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটির নিকটবর্তী সমিতি পাড়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, “বিমান বাহিনীর ঘাঁটির সংলগ্ন সমিতি পাড়ার কিছু ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিমান বাহিনীকে বরাদ্দকৃত জমির ওপর মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এই জমি নিয়ে উত্তেজনা থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সবুক্তাগিন মাহমুদ সোহেল একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিহত ব্যক্তির শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” তিনি আরও জানান, একজন গুরুতর আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সাংবাদিকদের তথ্যমতে, নিহত ব্যক্তির নাম শিহাব কবির নাহিদ। তার পিতা দাবি করেছেন, বিমান বাহিনীর গুলিতে তার ছেলের মৃত্যু হয়েছে। তবে হতাহত বা গুলির বিষয়ে আইএসপিআর বা বিমান বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও বিমান বাহিনী কাজ করছে বলে জানা গেছে।