ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রমজানে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় রেখে এই সময়সূচি প্রণয়ন করা হয়েছে। এই সময়ের মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি রাখা হবে।

তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো জনস্বার্থে তাদের নিজস্ব আইন ও বিধি অনুসারে অফিস সময় নির্ধারণ করবে। এছাড়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর অধীনস্থ আদালতগুলোর সময়সূচি সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ নিজেই ঠিক করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।