ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

 বগুড়ায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা, সন্দেহের তীর প্রাক্তন স্বামীর দিকে

বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণপাড়ায় গভীর রাতে ঘরে ঢুকে মা আনোয়ারা বেগম (৫৮) ও তার মেয়ে ছকিনা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনদের অভিযোগ, এই হত্যাকাণ্ডের জন্য ছকিনার দ্বিতীয় স্বামী রুবেল মিয়া দায়ী।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ছকিনার মামাতো ভাই রবিউল ইসলাম জানান, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ছয় বছর আগে ছকিনা রুবেল মিয়ার সঙ্গে বিয়ে করেন। রুবেলের মাদকাসক্তি ও চুরির সঙ্গে জড়িত থাকার কারণে ছকিনা তাকে তালাক দেন। এরপর মাকে নিয়ে আলাদা বাসায় থাকতে শুরু করেন তিনি। এক বছর আগে রুবেলের অনুরোধে ছকিনা তার কাছে ফিরে গেলেও, তার স্বভাব অপরিবর্তিত থাকায় ছয় মাস আগে আবার বিচ্ছেদ হয়। সম্প্রতি ছকিনা তার প্রথম স্বামী বাদশা মিয়াকে পুনরায় বিয়ে করেন, যা জানার পর রুবেল ক্ষুব্ধ হয়ে ওঠেন।

ছকিনার ছেলে সাব্বির আহমেদ জানান, শুক্রবার গভীর রাতে রুবেল বাড়িতে এসে ছকিনাকে ঘুম থেকে জাগান। তাকে ছেড়ে প্রথম স্বামীকে বিয়ে করা নিয়ে তর্কের এক পর্যায়ে রুবেল রামদা দিয়ে কোপাতে শুরু করেন। মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে আনোয়ারা বেগমও রুবেলের হাতে আক্রান্ত হন। এরপর রুবেল পালিয়ে যায়। আহত মা-মেয়েকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত দেড়টায় ছকিনা এবং শনিবার বেলা ১১টায় আনোয়ারা মারা যান।

নাজমুল হক জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে রক্তমাখা রামদা উদ্ধার করেছে। রুবেলকে গ্রেপ্তারে ভোর পাঁচটা পর্যন্ত একাধিক টিম অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোক আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে।