অপরাধ দমনে প্রশাসন কোনো দলের প্রতি সহানুভূতি দেখাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের তোষণে কাজ করছি না। দেশের কল্যাণে যা প্রয়োজন, তাই করা হবে।” শনিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
কক্সবাজারের পর্যটন এলাকায় দলীয় পরিচয়ে দখলদারিত্ব, সংঘর্ষ ও ছিনতাই বৃদ্ধির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে তিনি সমস্যার গুরুত্ব স্বীকার করেন। তিনি জানান, “এখানে অপহরণ ও মাদকের বিস্তার বেড়েছে। গণমাধ্যমে এসব বিষয় প্রকাশ পাচ্ছে। স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকরা জানেন কারা এর সঙ্গে জড়িত।” তিনি আরও বলেন, প্রশাসনে একটি প্রবণতা রয়েছে—ক্ষমতায় কে আসতে পারে, তার সম্ভাবনা বিবেচনায় সেই দলের নেতাকর্মীদের প্রতি আগাম সুবিধা দেওয়ার। তবে মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নির্দেশনা নেই বলে তিনি স্পষ্ট করেন।
রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, “মানবিকতার খাতিরে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কাগজে ১২ লাখ বলা হলেও বাস্তবে সংখ্যা আরও বেশি। তারা আমাদের জন্য গলার কাঁটায় পরিণত হয়েছে।” তিনি মনে করেন, তাদের প্রত্যাবাসন ছাড়া সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ কঠিন, তবে দ্রুত প্রত্যাবাসনও সম্ভব নয়। তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যুতে আমরা যেন শাঁখের করাতের মুখে পড়েছি।”
সীমান্ত ও বাণিজ্য প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির দখলের পর আমদানি-রপ্তানিতে বাধা সৃষ্টি হচ্ছে। “তারা অনেক জাহাজ আটকে রেখেছে এবং বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে। ফলে সীমান্ত সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে,” যোগ করেন তিনি।
প্রশাসনকে অপরাধের বিরুদ্ধে প্রমাণভিত্তিক কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।