গুগলের জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও এর অসংখ্য ফিচার আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা নিয়ে ব্যবহারকারীদের কাছে হাজির হচ্ছে এই প্রযুক্তি জায়ান্ট। তবে যে কারণেই হোক, আপনি চাইলে যেকোনো সময় আপনার গুগল অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারেন।
অ্যাকাউন্ট মুছে ফেলার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। একবার ডিলিট করলে ই-মেইল, ফাইল, ছবি, ক্যালেন্ডারের মতো সব তথ্য চিরতরে হারিয়ে যাবে। জিমেইল, গুগল ড্রাইভ, গুগল প্লে বা ইউটিউবের মতো পরিষেবাগুলোতে আর প্রবেশ করতে পারবেন না। এছাড়া অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত গেম, অ্যাপ, সাবস্ক্রিপশন বা ক্রোমবুক ও অ্যান্ড্রয়েড ডিভাইসের ডাটাও মুছে যাবে। পরে মন বদলালেও নির্দিষ্ট সময়ের পর অ্যাকাউন্ট ফিরে পাওয়া সম্ভব নাও হতে পারে।
যদি হ্যাকিংয়ের শিকার হয়ে থাকেন, তবে অ্যাকাউন্ট ডিলিটের আগে সিকিউরিটি চেকআপ করে নিশ্চিত হোন যে কোনো অননুমোদিত প্রবেশ ঘটেনি। এটি পরবর্তী ক্ষতি এড়াতে সহায়ক হবে।
অ্যাকাউন্ট ডিলিটের ধাপগুলো:
প্রথমে গুগল অ্যাকাউন্টে লগইন করে ‘ডাটা অ্যান্ড প্রাইভেসি’ সেকশনে যান। সেখানে ‘মোর অপশন’ নির্বাচন করুন এবং প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে অ্যাকাউন্টটি মুছে ফেলুন। সম্পূর্ণ অ্যাকাউন্ট না মুছতে চাইলে জিমেইল বা অন্যান্য সার্ভিস আলাদাভাবে সরানোর বিকল্পও রয়েছে।
ডিভাইস থেকে অ্যাকাউন্ট সরাতে হলে সেটিংসে গিয়ে নির্দিষ্ট নির্দেশনা মানতে হবে। ডিভাইস হারিয়ে গেলে প্রস্তুতকারকের ওয়েবসাইটে সহায়তা নিন। দুর্ঘটনাবশত মুছে ফেলা অ্যাকাউন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরুদ্ধারের সুযোগ থাকলেও, সময় পার হলে তা আর সম্ভব হবে না।
এই সহজ পদক্ষেপগুলো মেনে আপনি নিজের গুগল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারেন।