ময়মনসিংহ, ১০ মার্চ: ময়মনসিংহের ফুলপুর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের মাওড়াদেওরা চওরা বাড়ি এলাকায় সোমবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। সকাল ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নকলা থেকে ফুলপুরের দিকে যাওয়ার পথে অটোরিকশাটি ময়মনসিংহ থেকে শেরপুরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই অটোরিকশার তিন আরোহী প্রাণ হারান। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি ঘটনার পর পালিয়ে গেছে। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আইনি প্রক্রিয়া শুরু করেছি।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পলাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে তৎপরতা চালাচ্ছে।