চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী সদরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস পেছন থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই প্রাণ হারান একজন শিক্ষার্থী ও অটোরিকশা চালক। গুরুতর আহত অপর এক শিক্ষার্থী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নিহতরা হলেন দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ওয়াকার উদ্দিন আদিল (১২) ও সপ্তম শ্রেণির ছাত্রী উম্মে হাবিবা রিজভী (১৫), যারা আপন ভাই-বোন। নিহত অটোরিকশা চালকের নাম রুহুল আমিন (৪৫)। এ ঘটনায় নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫) গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, নিহত শিক্ষার্থীরা সকালে কোচিং ক্লাসে যাওয়ার পথে ছিলেন। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন চাকমা জানান, “অটোরিকশাটি পেছন থেকে বাসের ধাক্কায় চালক ও দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আমরা দায়ী বাসটি জব্দ করেছি, তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।”
এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, সড়কে গতিরোধক না থাকায় এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, যা অসংখ্য পরিবারের জন্য স্বজনহারানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। বেলা ১১টা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষোভকারীদের সরিয়ে দেন।
এ ঘটনা এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে এবং সড়ক নিরাপত্তার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।