সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক কিশোরী চলন্ত অটোরিকশায় ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে দিরাই পৌর এলাকায় কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনার মুখোমুখি হয় ওই কিশোরী। নিজেকে রক্ষা করতে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়েন, যার ফলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দিরাই বাসস্ট্যান্ড থেকে ওই কিশোরী বাড়ি ফেরার জন্য একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাটি তার বাড়ির কাছাকাছি পৌঁছানোর পরও চালক গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে চালিয়ে যেতে থাকেন। এ সময় গাড়িতে থাকা আরও দুই যুবক কিশোরীর মুখ চেপে ধরে এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়। পরিস্থিতি বেগতিক দেখে কিশোরী চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়েন, যার ফলে তার মাথা, হাত, মুখ এবং চোখে আঘাত লাগে।
রাত ৯টার দিকে ঢাকা থেকে তার এক আত্মীয়ের ফোন পেয়ে পরিবার ঘটনাটি জানতে পারে। রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার বিকেলে ঘটনাটি দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলে, রাত ৯টার দিকে পুলিশ অটোরিকশাসহ চালক ইমন খান (২৫) এবং মিঠু মিয়া নামে আরেক যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুইজনের বাড়ি দিরাই উপজেলার জকিনগর গ্রামে।
সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ জানান, “এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।”
এদিকে, সুনামগঞ্জ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কর্মকর্তা সৈয়দা শাহনাজ মঞ্জুর ইভা জানান, নার্সদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ওই কিশোরীর ওপর ধর্ষণের চেষ্টা করা হয়েছে।