ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটক নির্মাণের নামে প্রতারণা: নির্মাতা নিয়াজ মাহবুবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নাটক নির্মাণের কথা বলে ছয় লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নির্মাতা নিয়াজ মাহবুবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন শরীয়তপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ।

গত (২৮ এপ্রিল) শরীয়তপুর আমলী আদালতে এ আদেশ দেন তিনি।

মামলার বাদী শরীয়তপুরের বাসিন্দা মুরাদ হোসেন মুন্সি আদালতে দায়েরকৃত সিআর মামলায় অভিযোগ করেন, নিয়াজ মাহবুব নাটক ‘দশ দিগন্ত’-এর শুটিংয়ের জন্য শরীয়তপুরে আসেন এবং পরবর্তীতে আরও কয়েকটি নাটকের শুটিং সম্পন্ন করেন। স্থানীয়ভাবে সহযোগিতার সূত্র ধরে তিনি বাদীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এবং নাটক নির্মাণের বিনিময়ে লাভসহ টাকা ফেরতের আশ্বাস দিয়ে ছয় লক্ষ টাকা ধার নেন।

তবে নির্ধারিত সময়ে নাটক নির্মাণ বা অর্থ ফেরত না দিয়ে বরং বাদীকে বিভিন্নভাবে হুমকি দিতে শুরু করেন। ফলে প্রতারণার শিকার হয়ে বাদী মুরাদ হোসেন মুন্সি আদালতের দ্বারস্থ হন।

আদালত মামলাটি আমলে নিয়ে আসামি নিয়াজ মাহবুবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং পরবর্তী শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করেন।

বাদী মুরাদ হোসেন মুন্সি সাংবাদিকদের বলেন, “নিয়াজ মাহবুব দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের কথা বলে আমাকে প্রতারিত করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা ফেরত চাইলেই উল্টো আমাকে হুমকি দিচ্ছেন। ন্যায়বিচার চেয়ে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।”

এ বিষয়ে অভিযুক্ত নিয়াজ মাহবুবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।