গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী মাস্টারবাড়ী এলাকায় সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ব্যবস্থাপক সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে ছাত্রদল ও যুবদল নেতাসহ ১০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার (১১ মে) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক বোরহান উদ্দিন ও যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেনসহ অন্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবস্থাপককে হুমকি দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটক করে তাদের গাজীপুর সদর থানায় হস্তান্তর করে।
যুবদল ও ছাত্রদল নেতারা দাবি করেছেন, এটি ভুল বোঝাবুঝি এবং পাওনা টাকার বিষয়ে সমঝোতার জন্য বৈঠক চলছিল, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। গাজীপুর সদর থানার এসআই কায়সার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।