শরীয়তপুরের ভেদরগঞ্জে আট বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে স্বাধীন মোল্লা (২২) নামে এক যুবকের বিরুদ্ধে, যিনি স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ গ্রুপের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। শিশুটির পরিবার বর্তমানে দিশেহারা এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
ঘটনাটি ঘটে চরসেনসাস ইউনিয়নের মাগন বেপারী কান্দি এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ির আঙিনায় খেলছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রটি। এ সময় স্বাধীন মোল্লা তাকে খেলনার প্রলোভন দেখিয়ে পাশের আমবাগানে নিয়ে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করলে তার দাদি নির্জন বাগানে নাতিকে স্বাধীন মোল্লার সঙ্গে দেখতে পান। দাদি এগিয়ে গেলে স্বাধীন পালিয়ে যায়, আর শিশুটি কান্নাকাটি করতে করতে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে।
পরিবার দ্রুত শিশুটিকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেটা বাড়ির সামনে খেলছিল। হঠাৎ তাকে খুঁজে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করি। পরে দাদির সঙ্গে ফিরে এসে যা বললো, তা একজন মায়ের পক্ষে সহ্য করা অসম্ভব। আমি এর কঠোর বিচার চাই, যেন আর কোনো শিশুর সঙ্গে এমন না হয়।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই স্বাধীন ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়েছে। এলাকাবাসী জানান, অভিযুক্ত স্বাধীন সখিপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান বেপারির ঘনিষ্ঠ অনুসারী।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে অভিযোগ দিতে বলেছি। শিগগিরই এ বিষয়ে মামলা দায়ের হবে।”
এটি নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজে শিশু সুরক্ষার বিষয়টি কতটা হুমকির মুখে তা আরও একবার সামনে নিয়ে এসেছে। দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।