ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি নাটক’: নীলফামারীতে ধরা খেল ভুয়া পরীক্ষার্থী

নীলফামারীর পুলিশ লাইন্স একাডেমিতে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় মঙ্গলবার সকালে ধরা পড়ে এক ভুয়া পরীক্ষার্থী। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আসাদ চন্দ্র রায় মামাতো ভাই শিপন রায়ের হয়ে লিখিত পরীক্ষায় অংশ নিতে এসে পুলিশের সন্দেহে ধরা পড়েন।

পুলিশ জানায়, শারীরিক গঠন ও আচরণে অমিল দেখা দিলে তার কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে তার চেহারার মিল না থাকায় তাকে আটক করা হয়।

আসাদ জানান, শিপনের অনুরোধেই তিনি পরীক্ষায় অংশ নিতে এসেছিলেন এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।