ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের বলেছেন, অতীতে উন্নয়নের আলোচনার পর এখন কেবল নির্বাচনের কথা শোনা যাচ্ছে। তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের হত্যাকারীদের বিচারের দাবি তুলে বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতা বা পদের জন্য নয়, বরং ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে।
সোমবার (২৬ মে) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ইসলামী আন্দোলনের জেলা শাখার জনসভায় তিনি বলেন, ৫৪ বছরে নেতা ও দল পরিবর্তন হলেও নীতির পরিবর্তন না হওয়ায় জাতির ভাগ্য অপরিবর্তিত রয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষায় দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে। তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করে সংস্কারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মুহা. আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।