২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চিনি ও সয়াবিন তেলসহ একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে কমানো হচ্ছে ক্রিকেট ব্যাটের দাম এবং আমদানিকৃত পণ্যের ঋণপত্রে উৎসে কর।
সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি ও বেসরকারি টিভি চ্যানেলগুলোতে একযোগে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, এটাই বর্তমান সরকারের প্রথম বাজেট। এর আগে ২০০৭-০৮ ও ২০০৮-০৯ অর্থবছরে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাজেট উপস্থাপন করেছিলেন এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম।
অর্থ উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের ঋণপত্রে বর্তমানে ১ শতাংশ হারে উৎসে কর আরোপ করা হলেও তা কমিয়ে ০.৫ শতাংশে আনা হচ্ছে। তার ভাষায়, “এই কর রাজস্ব আদায়ে বড় ভূমিকা না রাখলেও কিছু ব্যবসায়ী অজুহাত হিসেবে ব্যবহার করে পণ্যের দাম বাড়িয়ে দেন। তাই এই কর হ্রাসের মাধ্যমে ভোক্তারা স্বস্তি পাবেন।”
এই সিদ্ধান্তের ফলে যেসব পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, দারুচিনি, লবঙ্গ, বাদাম, খেজুর, কম্পিউটার ও কম্পিউটার যন্ত্রাংশ এবং সব ধরনের ফলমূল।
বাজেট বক্তৃতায় আরও জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বছরের বাজেট (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) থেকে ৭ হাজার কোটি টাকা কম। দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাজেটের আকার কমানো হলো।
এই বাজেটের লক্ষ্য—নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি নিশ্চিত করা।