শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে দালাল ছাড়া কোনো সেবা মিলছে না—এমন অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ। জমির নকশা, পর্চা ও মামলার নকল তুলতে হলে নির্ধারিত ফি’র চেয়ে ১০-১৫ গুণ বেশি টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

প্রতিদিনই এখানে চলে ঘুষ বাণিজ্য। রেকর্ড রুম যেন ঘুষের কারখানায় পরিণত হয়েছে। অভিযোগ আছে, সরকারি ফি থাকা সত্ত্বেও তাৎক্ষণিক কাগজ পাওয়ার জন্য গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা। ফলে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন জেলার সাধারণ মানুষ।

স্থানীয় সূত্র জানায়, এই দুর্নীতির সঙ্গে রেকর্ড রুমের কয়েকজন কর্মচারীর দীর্ঘদিনের জড়িত থাকার অভিযোগ রয়েছে। লাইব্রেরী সহকারি ফাহিম আক্তার, অফিস সহকারী শামসুন্নাহার, অফিস সহকারি দেবব্রত পাল ও রেকর্ড কিপার মহসিন চৌকদার—নিয়মিত বদলি হলেও তদবির করে বারবার রেকর্ড রুমে ফিরে আসেন। তাদের এই অপকর্মে সহযোগিতা করছে একাধিক স্থানীয় দালাল ও ভেন্ডার। আর এই ঘুষের টাকা তুলে ভাগবাটোয়ারা করতে নির্ধারিত অফিস সময় পার করেও খোলা রাখা হয় গুরুত্বপূর্ণ এই রেকর্ড রুম।
এক অনুসন্ধানে পরিস্থিতির বাস্তবতা জানতে একটি নির্দিষ্ট খতিয়ানের (জে.এল. নং-৯, খতিয়ান নং-২০) বিআরএস পর্চা উত্তোলনের চেষ্টা করা হলে দেখা যায়, “ভূমি সেবা” অ্যাপে সাতদিন সময়সীমা থাকলেও, স্থানীয় এক দালালের মাধ্যমে তাৎক্ষণিকভাবে কাগজ পাওয়া গেছে—অবশ্যই অতিরিক্ত টাকার বিনিময়ে।
প্রকাশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই বসে এসব দালালরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে- ভান্ডার বাবুল মিয়া, খলিল, করিম, আমির হোসেন (শামসুন্নাহারের স্বামী), স্বপন, মোতালেব, খালেকসহ একাধিক ব্যক্তি প্রতিনিয়ত এই ঘুষ বাণিজ্যে জড়িত।
নাম পরিচয় গোপন করে অফিস সহকারী শামসুন্নাহার এর সাথে কথা হলে তিনি জানান, ১দিনের মধ্য কাগজ দেওয়া যাবে। আপনি অফিসে আসেন, এখানেই লোক আছে। এসে অামাকে ফোন দিয়েন, আবেদন করার পরে সন্ধায় কাগজ হাতে পাবেন।
সদর উপজেলার তুলাসার ইউনিয়নের আমির হোসেন নামে এক ভুক্তভোগী বলেন, আমি নিয়ম অনুযায়ী আবেদন করে নিধারিত সময়ে এসেছি। এখনো বিআরএস কাগজ হাতে পাইনি। অনলাইনে আবেদন করেও অফিসে এসে ঘুরতে হয়। আর যারা অতিরিক্ত টাকা দেয় তারা সাথে সাথে কাগজ তুলে নিতে পারে।
এ বিষয়ে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ট্রেজারী ও রেকর্ড রুম শাখা) খালেদ মাহমুদ তামিম বলেন, এসব বিষয়ে আমার জানা নেই। যদি অভিযোগ থাকে তাহলে লিখিতভাবে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করুন।
এসব অনিয়ম ও দালালচক্রের দৌরাত্ম্য সম্পর্কে জেলা প্রশাসককে জানানো হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।