ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন লালমনিরহাটে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী পলাতক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেম্বারপাড়া গ্রামে ঈদের দিন সকালে হাফেজ হাসিবুল ইসলাম (২৪) নামে এক মাদরাসা শিক্ষক তার স্ত্রী এমি আক্তারকে (২০) ছুরিকাঘাতে হত্যা করে পালিয়েছেন। হত্যাকাণ্ডে প্ররোচনার অভিযোগে হাসিবুলের বাবা মোজাফফর হোসেন ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর আগে বিয়ে হওয়া এমি ও হাসিবুলের মধ্যে পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগ ছিল। ছয় মাস আগে এমি বাবার বাড়িতে চলে যান। ঈদের দিন সকালে হাসিবুল এমির সঙ্গে দেখা করতে এসে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালান।

নিহতের বাবা একরামুল হক জানান, হাসিবুল দীর্ঘদিন ধরে তার মেয়েকে সন্দেহ করে নির্যাতন করত। পাটগ্রাম থানার ওসি (তদন্ত) স্বপন কুমার মন্ডল বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং মামলার প্রস্তুতি চলমান।