বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ)-এর একজন শীর্ষস্থানীয় কমান্ডারসহ দুই সশস্ত্র সদস্য নিহত হয়েছে।
বুধবার (৩ জুলাই) গভীর রাতে শুরু হওয়া এ যৌথ অভিযান এখনও চলমান রয়েছে। অভিযানে সেনাবাহিনী ৩টি সাবমেশিন গান (এসএমজি), ১টি রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা দমনে সেনাবাহিনী সম্প্রতি সক্রিয় তৎপরতা চালিয়ে যাচ্ছে।