সিলেটে বিএনপি আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচন যত বিলম্বিত হবে, দেশ তত পিছিয়ে পড়বে। বিনিয়োগ আসবে না, আইন-শৃঙ্খলা ভেঙে পড়বে। তাই জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার এখন সময়ের দাবি।”
সোমবার (৭ জুলাই) সিলেটের এক কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ফখরুল বলেন, বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব।
তিনি আরও বলেন, “তারেক রহমান আমাদের সংগ্রামের নেতা। খালেদা জিয়া অসুস্থ হয়েও পরামর্শ দিচ্ছেন। আমাদের এই লড়াই নতুন করে শুরু হয়েছে গণতন্ত্র ফিরিয়ে আনতে।”
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. জাহিদ হোসেন, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বর্তমান সরকারের আমলা নির্ভর শাসনের সমালোচনা করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।