ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে দ্বন্দ্ব: প্রবাসীর বসতবাড়িতে আগুন, রড কেটে নেওয়ারও অভিযোগ

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্ব সোনামুখি গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক প্রবাসীর নির্মাণাধীন বসতবাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী আমির হোসেন তালুকদার ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৪ জুলাই) বিকাল ৩টার দিকে। আগুনে পুড়ে যায় প্রবাসী শাহ আলম তালুকদারের বসতঘর। এসময় শাহ আলমের স্ত্রী মণিমালা কান্নাজড়িত কণ্ঠে বলেন,“আল্লারে, আমার সোনার সংসার শেষ হয়ে গেল! কাল সকালেই দেখি ওরা আমার নতুন বাড়ির রড কাঁটছে। অনেককে বলেছি—তাদের থামান। কিন্তু কেউ কিছু করেনি। আমি ননদের বাড়িতে ছিলাম, ফিরে এসে দেখি আগুন আর ছাই।”

মণিমালার অভিযোগ, একই গ্রামের আমির হোসেন তালুকদার, ফয়েজ তালুকদার, আবু তালুকদার ও তাদের মেয়েরা—সুমা, সিমা এবং সালমা মিলে নির্মাণাধীন ভবনের খুঁটির রড কেটে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা সাহিদ তালুকদার জানান,“জমি নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। ১২ জুলাই সকাল ১০টায় এ নিয়ে সালিশের কথা ছিল। কিন্তু সেদিন ভোরে তারা রড কেটে নেয়। আর আজ আগুন লাগার সময় পোলাপানের চিৎকারে দৌড়ে এসে দেখি আগুন উপরে দিকে উঠছে।”

একইভাবে প্রতিবেশী রহুল আমিন তালুকদার বলেন,
“রড কাটা আমরা সবাই দেখেছি। জমি নিয়ে দ্বন্দ্ব অনেক পুরনো।”

ভুক্তভোগী মণিমালার ভাই ইমাম হোসেন মোল্লা বলেন,
“যারা প্রকাশ্যে রড কেটেছে, তারাই আমার বোনের ঘরে আগুন দিয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন,
“ওরা একই গোষ্ঠীর লোক। জমি ও রড কাটা নিয়ে পূর্ব বিরোধ ছিল। আগুন লাগানোর ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।