ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন এক নারী নির্যাতন মামলার আসামি। পালিয়ে যাওয়া ব্যক্তি আমজাদহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির আহম্মদ চৌধুরী, যিনি এলাকায় ‘জাল কবির’ নামে পরিচিত।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতের দিকে ছাগলনাইয়া থানা পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে গ্রেপ্তারের কিছুক্ষণ পরেই কবির আহম্মদ হ্যান্ডকাফসহ পালিয়ে যান। পালানোর সময় তার স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন।
আহতরা হলেন—এসআই রাফিদ, এএসআই দিদার এবং কনস্টেবল সুমন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ছাগলনাইয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশের ওপর হামলা এবং হ্যান্ডকাফসহ আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এদিকে, নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের কার্যক্রম নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।