গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর শহরে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল (১৬ জুলাই) রাত ৮টা থেকে জারি করা কারফিউ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি এখনও স্পর্শকাতর। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরে বিশেষ অভিযান চালাচ্ছে।
বুধবারের সহিংস ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সকাল থেকে কোনো নতুন সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
এনসিপির মঞ্চে হামলা, পুলিশের গাড়িতে আগুন এবং সড়কে ব্যাপক উত্তেজনার প্রেক্ষিতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।