দেশের পুঁজিবাজারে শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন ও লাভজনক সরকারি বিদ্যুৎ-জ্বালানি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। রেল ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম ও বিএসইসি কমিশনার মু. মোহসিন চৌধুরী।
বৈঠকে কোম্পানিগুলোর সরাসরি তালিকাভুক্তির প্রক্রিয়া ও প্রয়োজনীয় করণীয় নিয়ে আলোচনা হয়। বিএসইসি জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে যুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পুঁজিবাজারকে গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে এ ধরনের কোম্পানির তালিকাভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কমিশন। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিএসইসি।