সুনামগঞ্জ পৌর শহরের আনিসা হেলথ কেয়ার ক্লিনিকে কর্মরত চিকিৎসক গোলাম রব্বানী সোহাগ (৩০)-এর ওপর হামলা ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান উদ্দিনের বিরুদ্ধে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আলট্রাসনোগ্রাম কক্ষের সামনে দাঁড়ানো নিয়ে কথাকাটাকাটির জেরে রায়হান প্রথমে তর্কে জড়ান, পরে কিছুক্ষণ পর এক যুবকসহ ফিরে এসে চিকিৎসকের কক্ষে প্রবেশ করে তাকে মারধর ও ছুরিকাঘাত করেন বলে ভুক্তভোগীর অভিযোগ।
আহত অবস্থায় সোহাগকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতসহ একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযুক্ত রায়হান উদ্দিন অবশ্য তার ফেসবুক আইডিতে দাবি করেন, দুই ঘণ্টা অপেক্ষার পর ক্লিনিকের এক কর্মচারীর উত্তেজনাকর আচরণের কারণে হাতাহাতি হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতের সঙ্গে কথা বলেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।