ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা, সাবেক এমপির বাসা থেকে গ্রেপ্তার ৫

রাজধানীর গুলশানে ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশান ৮৩ নম্বর রোডে সাবেক এক সংসদ সদস্যের বাসভবনে গিয়ে চাঁদা দাবি করলে তাদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, রিয়াদ নামে এক তরুণ এই দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি ও তার সহযোগীরা নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয়ে পরিচিত দিয়ে ওই সাবেক এমপির কাছ থেকে প্রথমে ৫০ লাখ টাকা দাবি করেন। ঘটনার দিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে।

চাঁদাবাজির বিষয়ে আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। বর্তমানে তারা গুলশান থানার হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি আগেও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির বাসায় গিয়ে একই কায়দায় চাঁদা দাবি করেছিল। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।