লালমনিরহাট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা লালমনি এক্সপ্রেস ট্রেনের পেছনে ধাক্কা দিয়েছে একটি লোকাল ট্রেন। সোমবার (২৮ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে বিডিআর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি মামুন হাসান জানান, বুড়িমারীগামী লোকাল ট্রেনটি প্ল্যাটফর্ম ত্যাগ করার পর বিপরীত দিক থেকে ওয়াশ ব্লকের দিকে যাওয়া লালমনি এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সৌভাগ্যক্রমে এক্সপ্রেস ট্রেনটিতে যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
তিনি আরও জানান, তাৎক্ষণিক ব্যবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।