ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেএফসির ফ্রিজে মেয়াদহীন মাংস, জরিমানা ৪ লাখ

ফ্রিজভর্তি মুরগির মাংস। থরে থরে সাজানো সেই মাংস ভাজা হচ্ছিল ক্রেতাদের জন্য। কিন্তু সেসব মুরগির মাংসের মেয়াদ ফুরিয়েছে একদিন আগেই। তবে হাতেনাতে ধরা পড়ল এই অপকীর্তি। আর এই অপরাধের জন্য রাজধানীর বেইলি রোডের কেএফসি রেস্টুরেন্টকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসনে আরা পপি এই অভিযান চালান। অভিযানে কেএফসির ফ্রিজ থেকে ১৮ কেজি মুরগির মেয়াদহীন মাংসও জব্দ করা হয়।
হোসনে আরা পপি ঢাকাটাইমসকে জানান, ‘কেএফসির কাঁচা মুরগির মেয়াদ তিনদিন থাকে। গতকালই (সোমবার) তাদের ফ্রিজে রাখা মুরগির মেয়াদ শেষ হয়ে গেছে। যেটা নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আমলযোগ্য অপরাধ। এ কারণে তাদেরকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদের সতর্কও করে দেয়া হয়েছে।’

কেএফসি যত আইটেম তেল দিয়ে ভাজে তার সবই পুরাতন তেল ব্যবহার করে এমন অভিযোগ অনেক মিলেছে। এবারও এমন পাওয়া গেছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘না এবার এমন কোন কিছু আমরা পাইনি।’

এর আগে শান্তিনগরে আদালত থেকে নিষিদ্ধ ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। তবে সেখানকার কোনো দোকানে এসব পণ্য মেলেনি।