পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের গাইঘাটা এলাকায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে উপজেলা এলজিইডির কার্য-সহকারী জাহিদুল ইসলামকে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। শনিবার (২ আগস্ট) এ ঘটনা ঘটে।
স্থানীয়রা অভিযোগ করেন, বৃষ্টির কারণে রাস্তার ওপর বালু ও ময়লা থাকা অবস্থায় কার্পেটিং করা হয়েছে, ফলে সামান্য ব্যবহারে কার্পেটিং উঠে যাচ্ছে। শ্রমিক আবুল কালাম অনিয়মের বিষয়টি স্বীকার করে জানান, কাজ শুরুর আগে রাস্তা ভালোভাবে পরিষ্কার করা হয়নি।
এলজিইডি কর্মচারী জাহিদুল ইসলাম জানান, কাজ পরিদর্শনে গেলে উত্তেজিত লোকজন তাকে মারধর করে। তিনি কোনোমতে পালিয়ে বাঁচেন।
জেলা নির্বাহী প্রকৌশলী বলেন, অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, তবে কেউ গণপিটুনির শিকার হয়েছেন—এমন তথ্য এখনো পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলায় জনগণের টাকায় নির্মিত রাস্তা টেকসই না হয়ে দ্রুত নষ্ট হচ্ছে।