কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা পাচারের সময় দুই পর্যটককে আটক করেছে বিমানবন্দর কর্মীরা। আটককৃতদের মধ্যে একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।
রবিবার সকাল সোয়া দশটার দিকে বিমানবন্দরে মালামাল তল্লাশির সময় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান। এ সময় ক্রিকেট ব্যাট কেটে ৫,১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মাদারীপুর জেলার বাসিন্দা জাকির হোসেন (২৬) এবং বরিশাল জেলার বাসিন্দা তানভীর আহমদ (৩০)। এদের মধ্যে তানভীর বিমানবন্দরের একজন চাকরিচ্যুত কর্মী।
বিমানবন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের বরাত দিয়ে ওসি ইলিয়াস খান জানান, আটক দুই যুবক বেলা ১১টা ২৫ মিনিটে কক্সবাজার থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। তারা সকাল সোয়া দশটার দিকে বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দর কর্মীরা যাত্রীদের মালামাল তল্লাশি করছিলেন। ব্যাগ ও মালামাল স্ক্যান করার সময় ক্রিকেট ব্যাটের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৫,১০০টি ইয়াবা পাওয়া যায়।
আটককৃতদের কক্সবাজার সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।