কক্সবাজারের উখিয়ায় চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে উখিয়া সদর স্টেশনের ফলিয়াপাড়া মোড়ে প্রায় ৪০-৫০ জন শিক্ষক শান্তিপূর্ণভাবে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা জনদুর্ভোগ সৃষ্টি না করে সড়কের পাশে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করলে পুলিশ লাঠিচার্জ করে, এতে অন্তত ৭-৮ জন শিক্ষক আহত হন এবং ১০-১৫ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সমন্বয়ক ও এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়ার নাম উঠে এসেছে।
আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় নতুন কোনো বিক্ষোভের খবর পাওয়া যায়নি, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।