ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউসিবিডিতে ডাটা সায়েন্স মাস্টারক্লাস অনুষ্ঠিত, শীঘ্রই দেশে ব্যাচেলর প্রোগ্রাম চালু

ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) আয়োজন করেছে ‘শেইপিং দ্য ফিউচার উইথ ডেটা: গ্লোবাল ট্রেন্ডস অ্যান্ড বাংলাদেশের পথ’ শীর্ষক মাস্টারক্লাস। গতকাল (১৭ আগস্ট) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ডেটা সায়েন্সের বর্তমান গুরুত্ব, বৈশ্বিক ও দেশীয় ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে ইউসিবিডি জানায়, শীঘ্রই তারা ‘ব্যাচেলর ইন ডেটা সায়েন্স’ প্রোগ্রাম চালু করবে।

মাস্টারক্লাসের মূল লক্ষ্য ছিল উচ্চমাধ্যমিক ও এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের ডেটা সায়েন্সের বৈশ্বিক প্রভাব ও বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা দেওয়া। শিক্ষার্থীদের সামনে বর্তমান বিশ্বে প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং ক্যারিয়ারের সুযোগগুলো কাজে লাগানোর পথও তুলে ধরা হয়।

ইউসিবিডির স্টুডেন্ট লাউঞ্জে অনুষ্ঠিত মাস্টারক্লাসে শিক্ষার্থীদের সামনে ডেটা সায়েন্সের তাৎপর্য এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবিডির প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল।

প্রধান বক্তা হিসেবে অংশ নেন এলএসই-এর অ্যাসোসিয়েট অ্যাকাডেমিক ডিরেক্টর ড. জেমস অ্যাবডে, যিনি বর্তমান বিশ্বে ডেটা সায়েন্সের বিস্তার এবং সম্ভাবনার উপর বক্তব্য রাখেন। তিনি বলেন,

“সম্প্রতি ইউসিবিডি ডেটা সায়েন্স অ্যান্ড বিজনেস অ্যানালিটিকস বিষয়ে ব্যাচেলর অব সায়েন্স (বিএসসি) ডিগ্রি প্রদানের অনুমোদন পেয়েছে। আজকের বিশ্ব আরও বেশি ডেটা-নির্ভর হচ্ছে; দক্ষতা অর্জন শুধু ব্যক্তিগত সফলতা নয়, পুরো দেশের মানবসম্পদের অবস্থাকেও শক্তিশালী করবে।”

বাংলাদেশের প্রেক্ষাপটে ডেটা সায়েন্সের গুরুত্ব তুলে ধরেন লার্ন উইথ সুমিতের প্রধান নির্বাহী ও অ্যানালাইজেনের সহ-প্রতিষ্ঠাতা সুমিত সাহা। তিনি বলেন,

“বাংলাদেশে ডেটা প্রফেশনালদের চাহিদা দ্রুত বাড়ছে। এক সময় যেমন তেল অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল, এখন ঠিক তেমনি ডেটা হচ্ছে উদ্ভাবন ও সুযোগ তৈরির অন্যতম শক্তি। ডেটা দক্ষতা অর্জন করলে জাতীয় ও বৈশ্বিক পর্যায়ে পেশাগত সফলতার সম্ভাবনা প্রবল।”