লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়া এলাকার তিস্তা নদী থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, নদীতে ভাসছিলো একটি কার্টুন বক্স। কার্টুন ভাসতে দেখে স্থানীয় এক যুবক নদীতে নেমে কাটুনটি খুলে দেখে পলিথিনের ব্যাগে একটি নবজাতকের লাশ। পরে এলাকাবাসীকে খবর দিলে তারা নবজাতকটিকে নদী থেকে তুলে এনে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নবজাতকের লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাদু মিয়া বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। হাতীবান্ধা থানা পুলিশকে খবর দেয়া হয়েছে। নবজাতেকর লাশটি কোথাকার তা বলা যাচ্ছে না।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, নবজাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালে পাঠানো হবে।