ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

“আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই, তারা সন্ত্রাসী গোষ্ঠী”- সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই; তারা রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী। তার দাবি, সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এবং শেখ হাসিনার ভারত পালিয়ে যাওয়াই প্রমাণ করে তিনি এ দেশের মানুষ নন।

শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করায় আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। এ কারণে আওয়ামী লীগ বা শেখ হাসিনার আর বাংলাদেশের রাজনীতিতে কোনো অধিকার নেই।

সালাহউদ্দিন আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিলেন। স্বাধীনতার ৫৪ বছরেও গণতন্ত্রের ফুল ফুটেনি। প্রহসনের নির্বাচন দিয়ে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছেন।”

তিনি জোর দিয়ে বলেন, আসন্ন নির্বাচনে মানুষ যাকে ভোট দেবে সেই দলই রাষ্ট্র পরিচালনা করবে। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদসহ জেলা ও স্থানীয় বিএনপি নেতারা।