সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর তিন দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি জানিয়েছেন, আগামী সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার মধ্যে যার যার অবস্থান থেকে নিজ উদ্যোগে ও নিজ খরচে এসব পাথর ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ের পর কারও কাছে পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২৩ আগস্ট) কোম্পানীগঞ্জে মাঠ প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যে সিলেট সদর ও কোম্পানীগঞ্জ উপজেলায় মাইকিং করে সাধারণ মানুষকে এ নির্দেশনা জানানো হয়েছে। একই সঙ্গে জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে ফেরত কার্যক্রমে সহযোগিতা করার জন্য।
ডিসি সারোয়ার আলম আরও বলেন, শুধু পাথর ফেরত নয়—এই লুটের সঙ্গে জড়িত মূলহোতাদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলমান রয়েছে।