ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার, ঢাকায় আনা হচ্ছে

জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাতে সিআইডির একটি বিশেষ টিম বরিশালের বাংলাবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে ঢাকায় নিয়ে আসে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে নিয়ে টিম ঢাকার পথে রয়েছে। মামলার বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা থেকে পাওয়া যাবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, তার ছেলে তৌহিদ আফ্রিদি এবং আরও ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলাকারী ছিলেন মো. জয়নাল আবেদীন নামে একজন ব্যক্তি। ইতোমধ্যে তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী কারাগারে রয়েছেন।