ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ লাখ জনগোষ্ঠীর উপর ১৩ লাখ রোহিঙ্গার চাপ: ৮ বছর ধরে নিদারুণ কষ্টে উখিয়া-টেকনাফবাসী

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার ৩৩টি ক্যাম্পে বসবাস করছে মিয়ানমারের বাস্তুচ্যুত প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। যেখানে স্থানীয় জনগোষ্ঠীর সংখ্যা মাত্র ৫ লাখের কিছু বেশি। ফলে স্থানীয় জনগণের উপর অতিরিক্ত ১৩ লাখ মানুষের চাপ সৃষ্টি হয়েছে। এই অস্বাভাবিক জনঘনত্বের কারণে স্থানীয়রা প্রতিদিন নিত্যদুর্ভোগের পাশাপাশি নানা অপরাধের আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির দীর্ঘমেয়াদে অবস্থান করায় স্থানীয় মানুষ মারাত্মক বিপাকে পড়েছেন।

উখিয়া উপজেলার সবচেয়ে আলোচিত গ্রাম কুতুপালং। এখানে দৃষ্টিসীমাজুড়ে শুধু রোহিঙ্গা ক্যাম্পই চোখে পড়ে। তথ্য অনুসন্ধানে জানা যায়, উখিয়া ও টেকনাফ—এই দুই উপজেলার সম্মিলিত জনসংখ্যা সাড়ে ৫ লাখের বেশি নয়। অথচ প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে এসে আশ্রয় নিয়েছে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। ধারণক্ষমতার চেয়ে এত বেশি শরণার্থী থাকায় স্থানীয়রা নিরাপদে বসবাস করতে পারছেন না। শুধু জনচাপই নয়, ক্যাম্পের ভেতরে ও বাইরে রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ড স্থানীয়দের আতঙ্কিত করে তুলছে। আধিপত্য বিস্তারের লড়াইয়ে খুন, গুম ও অপহরণের মতো ঘটনা নিয়মিত ঘটছে। স্থানীয়দের দাবি, এ অবস্থায় এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এছাড়া শিক্ষা ব্যবস্থার অবনতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও বিভিন্নভাবে স্থানীয়রা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় জন প্রতিনিধিদের অভিযোগ

উখিয়ার কুতুপালং ইউনিয়ন পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার হেলান উদ্দিন বলেন,
“২০১৭ সাল থেকে রোহিঙ্গা চাপের কারণে এলাকার চাষাবাদের জমি নষ্ট হয়ে পচা নালায় পরিণত হয়েছে। পাহাড়-জঙ্গল উজাড় করে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে। শ্রমবাজারও চলে গেছে রোহিঙ্গাদের দখলে। জরুরি প্রয়োজনে কোথাও যেতে গেলেও তাদের কারণে সৃষ্ট যানজটে সময়মতো গন্তব্যে পৌঁছানো সম্ভব হয় না। সবসময় আতঙ্কে বসবাস করতে হচ্ছে। তাই দেরি না করে সরকার যেন দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে।”

উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী বলেন,
“রোহিঙ্গাদের অপরাধপ্রবণতা দিন দিন বেড়ে চলেছে। তাদের অবাধ বিচরণ স্থানীয়দের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে তারা উখিয়া-টেকনাফে আশ্রয় নিয়েছে, তবে এখন রোহিঙ্গাদের অত্যাচারে স্থানীয়রাই বাস্তুচ্যুত হওয়ার উপক্রম।”

এ বিষয়ে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন,
“স্বাভাবিকভাবেই রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের জনজীবনে চাপ সৃষ্টি হয়েছে। তাছাড়া তাদের জন্য বরাদ্দ কমে যাওয়ায় বিশৃঙ্খলাও দেখা দিয়েছে। তবে সরকার বারবার চেষ্টা করছে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা নিচ্ছে।”