আমানুল্লাহ আমান বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশ ছিল গণতন্ত্র ও মানবতাহীন। একদলীয় শাসন ব্যবস্থা ছিল।
এই ষোল বছরে প্রায় এক দশক বেগম খালেদা জিয়া তো পালিয়ে যাননি। তিনি বলেছিলেন, “আমার মৃত্যু হলেও এই দেশেই থাকবো।” তাকে ওয়ান ইলেভেনে চলে যেতে বলা হয়েছিল, তিনি যাননি। তারেক রহমানকে বলা হয়েছিল বিদেশে চলে যেতে, তিনিও যাননি। তিনি বলেছিলেন, “মৃত্যু হলে এ দেশের মাটিতেই হবে।”
তিনি বলেন, পালানোর একদিন আগেও শেখ হাসিনা বলেছিলেন, “শেখের বেটি পালাই না, আওয়ামী লীগ পালাই না।” একদিন পরেই তিনি পালিয়ে গেছেন। শেখ হাসিনা তার গোষ্ঠীসহ বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছেন। হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার ভয় ছিল বলেই তিনি পালিয়ে গেছেন।
মেহেরপুর জেলা বিএনপির কাউন্সিলে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা ও তার দোষরদের বিচার এই দেশের মাটিতেই ফাঁসি হবে। কেউ বাঁচাতে পারবে না। বাংলাদেশের মাটিতে তার রাজনীতি চলবে না।
সামনের নির্বাচনে যাকেই প্রার্থী দেওয়া হবে, তাকেই ঐক্যবদ্ধভাবে নির্বাচিত করতে হবে।
দীর্ঘ ১৬ বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন ২০২৫ আজ শনিবার বেলা ১১টায় মেহেরপুর সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিল ও খুলনা বিভাগীয় সম্মেলন কমিটির আহ্বায়ক ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা তাজ উদ্দিন খান।
মেহেরপুর সরকারি কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
২০০৬ সালে মেহেরপুর জেলার সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।