ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসের চাকায় পিষ্ট লাশ হয়ে বাসায় ফিরল শিক্ষার্থী

এসএসসি পরীক্ষার প্রশংসাপত্র তুলতে গ্রামের বাড়ি থেকে মায়ের সঙ্গে রাজধানী ঢাকায় এসেছিল তানজিলা আক্তার হিরা (১৬)। আর তার প্রশংসাপত্রের প্রয়োজন হবে না। ফেরা হবে না গ্রামে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনের সড়কে স্বাধীন পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে তার।

তানজিলা আক্তার হিরা এবার রাজধানীর শাহীনবাগ সিবিল অ্যাভিয়েশন স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব কাউনিয়া গ্রামে। বাবা হাফিজ উদ্দিন রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় একটি মুদি দোকান করেন। এসএসসি পরীক্ষা পর্যন্ত ঢাকায় ছিল হিরা। পরে পূর্ব কাউনিয়া গ্রামেই থাকছিল। তার ইচ্ছা ছিল, গ্রামের পাশে হাজেরা হাশমত ডিগ্রি কলেজে ভর্তি হবে সে। তাই প্রশংসাপত্র তুলতে মাকে নিয়ে ঢাকার পশ্চিম নাখালপাড়ায় তাদের বাসায় আসে।

পুলিশ জানায়, স্বাধীন পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৯৬২৮) ও চালক আব্দুল গণিকে (৪০) আটক করা হয়েছে। এ ঘটনায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে চাপা দিয়ে শিক্ষার্থী হত্যার অভিযোগে মামলা করেছেন হিরার মা সালেহা বেগম। মামলায় চালককে আসামি করা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করছে তেজগাঁও থানা পুলিশ। ঘটনার সময় মেয়ের সঙ্গে থাকা সালেহা বেগম কান্না জড়ানো কণ্ঠে বলেন, ‘আমার কিছু বলার নাই। মাইয়াটা চোখের সামনে শেষ হইয়া গেল! আমার সব শেষ হইয়া গেছে।’

মায়ের বরাত দিয়ে হিরার পরিবার জানায়, গতকাল হিরা মায়ের ইনস্যুরেন্সের কাগজ ঠিক করতে বাংলামোটরে যাওয়ার জন্য মায়ের সঙ্গে বাসা থেকে বের হয়। দুপুরে ফার্মগেটে স্বাধীন পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিল। হিরা চালকের সহকারীর কাছে জানতে চায় বাসটি বাংলামোটর যাবে কি না। সহকারী ‘হ্যাঁ’ বললে হিরা বাসটিতে ওঠে। এর পরই বাসটি ছেড়ে দেন চালক। কিন্তু মা বাসে উঠতে না পেরে চিৎকার করে হিরাকে ডাকছিলেন। হিরা দেখতে গিয়ে অথবা নামতে গিয়ে বাস থেকে পড়ে গিয়ে পিছনের চাকায় পিষ্ট হয়।