ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় মাকে নির্যাতনের অভিযোগে ছেলে-পুত্রবধূসহ পাঁচজন আটক

পাবনার সাঁথিয়া উপজেলায় এক বৃদ্ধা মাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে ছেলে, পুত্রবধূসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হাপানিয়ার রামচন্দ্রপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন—নজরুল ইসলাম (৪০), তার স্ত্রী সোনালী খাতুন (৩৫), নজরুলের দুই শ্যালক মো. টিপু মিয়া (২৫) ও মো. মিনার হোসেন (৩০) এবং শ্যালিকা মুর্শিদা খাতুন (২৮)। বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে সাঁথিয়া থানায় মামলা দায়ের করেছেন। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা কাঞ্চন খাতুনকে (৭৫) প্রথমে পুত্রবধূ ধাক্কা দিয়ে ফেলে দেন, পরে ছেলে গলায় চাপ প্রয়োগ করেন এবং এক পর্যায়ে মাটিতে ফেলে দেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের বাধা এড়াতে সেনাবাহিনী সহায়তা করে অভিযুক্তদের আটক করে। সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান বলেন, আটক পাঁচজনকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সামাজিক মাধ্যমে ন্যায়বিচারের দাবি উঠেছে।