ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কথিত ‘জ্বিনের বাদশা’ গ্রেপ্তার, ৫৩ লাখ টাকা প্রতারণার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলার সূত্র ধরে ভোলার বোরহানউদ্দিন থেকে কামাল মীর (৪৮) নামে এক ব্যক্তি আটক হয়েছেন, যিনি দীর্ঘদিন ধরে ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। সোমবার রাতে র‍্যাব-৮ এর একটি দল দক্ষিণ কাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্রে জানা যায়, কামাল মীর নিজেকে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিজ্ঞাপন ছড়াতেন। এই পরিচয়ের আড়ালে তিনি চট্টগ্রামের প্রবাসী দিদারুল আলমের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং বিভিন্ন সময় অনলাইনের মাধ্যমে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে গত মে মাসে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

মামলার তদন্তে র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কামাল মীরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। র‍্যাব জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।