লালমনিরহাটে মাদক মামলায় রজনী কান্ত অধিকারী (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে আসামির উপস্থিতিতে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত রজনী কান্ত অধিকারী লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের উত্তর জাওরানী এলাকার মৃত অতুল অধিকারীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ আগস্ট বিকেলে রংপুর র্যাব-১৩ এর একটি দল হাতীবান্ধা উপজেলার পূর্ব কদমা গ্রামে অভিযান চালিয়ে ৯৩ বোতল ফেনসিডিলসহ রজনী কান্ত অধিকারীকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় রজনীর নামে মামলা করে র্যাব।
লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কে এম হুমায়ুন রেজা স্বপন বলেন, আমরা রায়ে সন্তুষ্ট।